দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে ওসির বাসায় যাওয়া, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তারের পরের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথোপকথন শোনা যায়।
ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এ সময় তাকে বলতে শোনা যায়, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে।
ওই নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ওসি থাকলে সব ঠিক, কোনো সমস্যা হবে না। এ সময় নারী নেত্রী তাকে আঙ্কেল সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।
অডিওর অন্য অংশে নারী নেত্রী তার বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি তাকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার পরামর্শ দেন। দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসি বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।
গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকারও দাবি করেন তিনি।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফেনীর দাগনভূঞা থানার ওসির কল রেকর্ডের বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এগুলো তার কথোপকথন কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই